বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের সমালোচনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, “আমি তা মনে করি না... কারণ আমরা একটি খুব ভালো বৈঠক করেছি এবং আমাদের আলোচ্যসূটিতে থাকা সব বিষয় নিয়ে আলোচনা করেছি”।
তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে সোমবারের (১০ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠকের উল্লেখ করেন।
ওই বৈঠকের কয়েক ঘণ্টা আগে শেখ হাসিনা বাংলাদেশ জাতীয সংসদে (পার্লামেন্ট) যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন।
এর আগে ৮ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে টেনেসির দুই আফ্রিকান-আমেরিকান আইনপ্রণেতাকে বহিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।