বাংলাদেশে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ ছিলো ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর মধ্যে ভারত থেকে এসেছে ১৭১৩ মেগাওয়াট। এটি বাংলাদেশের একদিনে বিদ্যুৎ সঞ্চালনের নতুন রেকর্ড। এর আগে, গত মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎ সঞ্চালন ছিলো ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।
ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)-এর তথ্য উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলেছে, বৃহস্পতিবার রাত ৯টায় মোট ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট উৎপাদনের মধ্যে প্রায় ছয় হাজার ৭২ মেগাওয়াট এসেছে বাংলাদেশের গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে। আর, পাঁচ হাজার ৬৩৫ মেগাওয়াট এসেছে তরল জ্বালানি -ভিত্তিক প্ল্যান্ট থেকে। কয়লাচালিত প্ল্যান্ট থেকে এসেছে দুই হাজার ৬১৮ মেগাওয়াট, হাইড্রো প্ল্যান্ট থেকে এসছে ২৫ মেগাওয়াট এবং আরপিসিএল থেকে এসেছে ১০০ মেগাওয়াট। এছাড়া, ভেড়ামরা সীমান্তে এইচভিডিসির মাধ্যমে ভারত থেকে ৮৩০ মেগাওয়াট, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১২৪ মেগাওয়াট এবং আদানি গ্রুপের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে এসেছে ৭৫৯ মেগাওয়াট।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা ৭৫৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার পর সরবরাহের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তারা বলেছে যে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের দাম এখনো নিষ্পত্তি হয়নি, তবে কর্মকর্তারা বলেছেন যে আদানি গ্রুপের বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট ১৪ টাকার উপরে হতে পারে। বাংলাদেশর গড় উৎপাদন খরচ ৭ টাকার কম।
এখন বাংলাদেশের স্থাপিত গ্রিডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াটের বেশি।