অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় বাংলাদেশ প্রত্যাশা করি: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন বছরে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় বাংলাদেশের প্রত্যাশা করেছেন।শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা বলেন। ড. মোমেন বলেন “এই নতুন বছর হবে সম্প্রীতি ও সহনশীলতার। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ অর্জন করব।”

আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, “সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তবে এটা শুধু সরকারের দায়িত্ব নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জনগণ ও সকল রাজনৈতিক দলের দায়িত্ব।”

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। শেভাযাত্রয়া যোগ দেন সিলেটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমি-সহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে।