ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিবৃতিতে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেট সহ বিভিন্ন মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই রহস্যজনক। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই জনগণ ও ব্যবসায়ীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমান সরকারের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও জবাবদিহিতার অভাবে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।”

নিউ সুপার মার্কেট সহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “এবার নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এটা প্রমাণ করে যে, আওয়ামী লীগ সরকারের অগ্নি প্রতিরোধে কোনো আগ্রহ নেই, কারণ তারা শুধু রাষ্ট্রক্ষমতা রক্ষায় ব্যস্ত।” তিনি অভিযোগ করে বলেন, “দেশের বিভিন্ন মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু ব্যবসায়ী ধ্বংসের মুখোমুখি হলেও, আওয়ামী লীগ সরকার সামান্যতম মাথা ঘামায় না।”

তিনি বলেন, “এসব অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, প্রতিবেদনগুলো জনগণের সামনে তুলে ধরা হয় না। এই সরকারের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে, সরকার তা রোধ করতে পারছে না।”

উল্লেখ্য ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকার নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনেন।