বাংলাদেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৫ এপ্রিল) দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়।
দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র পদে মনোনীত প্রার্থীরা হলেন রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার মেয়র পদে তিনজন নতুন মুখ আনা হয়েছে এবং বাকিরা বর্তমান মেয়র।
মনোনয়ন বোর্ডের বৈঠকে আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ড. মো.আব্দুর রাজ্জাক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন।
গত ৩ এপ্রিল পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।