আটান্ন বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত

বাংলাদেশের ঢাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবন। এতে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।গরমের কারণে ঠিকমতো রিকশাও চালানো যাচ্ছে না। তাই ভাড়া টানার পর কিছু সময় জিরিয়ে নিচ্ছে একজন রিকশা চালক। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৬৫ সালের পর শনিবার (১৫ এপ্রিল) সবচেয়ে উষ্ণতম দিন অতিবাহিত হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, শনিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; যা ৫৮ বছর পর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা।

ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। শুক্রবার (১৪ এপ্রিল) এই রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঠিক ৯ বছর আগে, ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।