ঢাকার নিউ সুপার মার্কেটের আগুন নিভলো ২৭ ঘণ্টা পর

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশের রাজধানী ঢাকায়, নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের আগুন নিভেছে ২৭ ঘণ্টা পর। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের কর্মরত অফিসার (কন্ট্রোল রুম) লিমা খানম জানান, “অবশেষে রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।”

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় অগ্নিনির্বাপক কর্মীসহ ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।

দুর্বল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেছেন, ঢাকার নিউমার্কেটের পাশে, নিউ সুপার মার্কেট-এ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিলো খুবই দুর্বল।

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সাংবাদিকদের তিনি জানান, “ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেতাদের প্রচার-ব্যানার দিয়ে ঢেকে ছিলো পুরো মার্কেট। এসব ব্যানার, ফেস্টুনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।” তিনি বলেন, “মার্কেটের ফলস ছাদ ও প্লাস্টিকসামগ্রী আগুনকে আরো তীব্র করে তোলে। এখন সময় এসেছে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক হওয়ার এবং এগুলো এড়িয়ে চলার।”

এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, “তৃতীয় ও চতুর্থ তলার বেশির ভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫০ থেকে ৩০০ দোকান এই ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারবে সিটি করপোরেশন।”