উন্নয়নের জন্য প্রযুক্তিগত শিক্ষা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির রাষ্ট্রপতি আবদুল হামিদ।মঙ্গলবার (১৮ এপ্রিল) বঙ্গভবনের মন্ত্রিসভা হলে বঙ্গভবন তোশাখানা জাদুঘরের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ কথা বলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, “আমরা দেশকে কতটা এগিয়ে নিতে পারব তা নির্ভর করবে প্রযুক্তির উদ্ভাবন এবং এর সঠিক ব্যবহারের ওপর। আমাদের তরুণ প্রজন্ম খুবই মেধাবী। যদি তাদের সঠিক সুযোগ দেয়া হয়, তবে তারা যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।”

আবদুল হামিদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে; বিশেষ করে উচ্চশিক্ষা পর্যায়ে, প্রযুক্তি শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়সহ অংশীজনদের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে বলেন। তথ্যপ্রযুক্তি বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে বলে উল্লেখ করে তিনি। বলেন, “ভিআর এবং অন্যান্য প্রযুক্তির সঠিক বিকাশের জন্য; উন্নত প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, মৌলিক গবেষণার সুযোগসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশে প্রযুক্তির যথাযথ বিকাশ নিশ্চিত করা প্রয়োজন।”

তিনি বলেন, “ভিআর প্রযুক্তি সত্যিকার অর্থে মানুষের জীবনযাত্রার ধরন পরিবর্তন করবে। আমাদের এখন থেকে এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর সর্বোচ্চ সুবিধা পেতে হবে।

সংস্কারের পর রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৪ জানুয়ারি তোশাখানা জাদুঘর উদ্বোধন করেন। পরে, ভিআর প্রযুক্তির মাধ্যমে এই জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হয়।