রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ ইউয়ানে পরিশোধের অনুমোদন বাংলাদেশের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চীনের মুদ্রা ইউয়ান-এ রাশিয়ার ঋণ পরিশোধের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এই অনুমোদনের আওতায়, প্রাথমিক পর্যায়ে ৩১ কোটি ৮০ লাখ ডলার পরিশোধ করা হবে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে চীনা ব্যাংক অ্যাকাউন্টে ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউরোপীয় বিষয়ক প্রধান, উত্তম কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তম কুমার কর্মকার বলেন, “গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ইআরডির বৈঠকে ঋণ পরিশোধে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঋণ পরিশোধে চীনা মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হলেও, এখনো লেনদেন সম্পন্ন হয়নি।” কূটনৈতিক সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকার এই সিদ্ধান্ত, ডলারে ওপর নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে অর্থ পরিশোধ করার বিষয়ে উদ্ভূত সমস্যার সমাধান করবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা বিশ্বের অন্যতম অর্থ প্রদান ব্যবস্থা সুইফট থেকে বাদ দিয়েছে। অন্যদিকে, রাশিয়ার ঋণে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় ডলারে ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।