ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য খায়রুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়নমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খায়রুল আলম জেম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার মর্দানা এলাকার মাইনুল আহসানের ছেলে। তিনি শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইফতার সামগ্রী কেনার জন্য উদয়নমোড়ে যান খায়রুল আলম জেম। এ সময় পাঁচ-ছয়জন দৃর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি আঘাত করে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা খাতুন জানান, বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক খায়রুল আলম জেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।