ঈদুল ফিতর উপলক্ষে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার জানিয়েছে, শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন, “ভারতের জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষথেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।”
মোদী উল্লেখ করেছেন যে পবিত্র রমজান মাসে, ভারত সহ সারা বিশ্বের মুসলমানরা রোজা ও প্রার্থনা করেছেন।ঈদুল ফিতরের এই শুভ উপলক্ষে তিনি বলেন, মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসী ঐক্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করেছেন।
নরেন্দ্র মোদী বলেন, “শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে বহুপাক্ষিক অংশীদারিত্ব বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেল হয়ে উঠেছে।” শেখ হাসিনার সঙ্গে ক্রমাগত কাজ করে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের জনগণের পাশাপাশি দুই দেশের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন।