বাংলাদেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২১ এপ্রিল) উত্তরাঞ্চলের গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রামে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে।
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার বিকাল পাঁচটার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা নিহত ব্যক্তিরা হলেন; অটোরিকশার চালক আব্দুল লতিফ, যাত্রী ইদ্রিস, রোহান। অপর নিহত ও আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানিয়েছেন, বিকালে গোবিন্দগঞ্জ থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ি যাচ্ছিলো। পথে, রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে, ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো একজন।
নিহত ব্যক্তিদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জের বিভিন্ন গ্রামে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফ আনোয়ার ।
চট্টগ্রামের পটিয়া উপজেলায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন; আব্দুল হামিদ (৩২) ও শাহিদা (২৮)। পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে আটজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।