ঢাকার কিছু এলাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে বলেছে জ্বালানি মন্ত্রণালয়

বাংলাদেশের রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় থেকে 'গ্যাসের গন্ধের' খবর পাওয়া গেছে।এর পর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। রাজধানীর মগবাজার, বাড্ডা, বাসাবো, ধানমন্ডি, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা সড়কে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, ঈদের সময় কারখানায় গ্যাস সরবরাহ না হওয়ায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে 'ওভার-ফ্লো' হয়েছে এবং গন্ধের সৃষ্টি হয়েছে।

এতে আরো বলা হয়, তিতাস গ্যাসের জরুরি ও কারিগরি টিম যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।তিতাস গ্যাস-এর হটলাইন- ১৬৪৯৬ উল্লেখ করে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, “নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।”

এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে বলেছেন, “বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধের খবর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিতাস গ্যাস ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।” তিনি আরো বলেন, “আমি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় 'গ্যাসের গন্ধ' পাওয়া যাচ্ছে বলে যে সমস্যার কথা উল্লেখ করা হয়েছিলো, তা সমাধান করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক রাশেদুল আলম বলেন, “আমাদের প্রযুক্তিগত দল গ্যাস পাইপলাইনে চাপ কমিয়ে সমস্যার সমাধান করেছে। রাত ১টার পর থেকে সিস্টেম কন্ট্রোলে গ্যাসের চাপ কমতে থাকায়, শেষ পর্যন্ত সমস্যা সমাধান করা সম্ভব হয়।”