নকলমুক্ত এসএসসি পরীক্ষার জন্য বন্ধ থাকবে কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “সম্পূর্ণ নকল মুক্ত ও সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা নিতে আমরা আজ (২৫ এপ্রিল) প্রস্তুতি বিষয়ে সকল সংস্থার সঙ্গে বৈঠক করেছি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৩০ এপ্রিল। তাই আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।”

দীপু মনি বলেন, “এবার সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বরে ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩।” তিনি বলেন, “প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনার কারণে গতবছরের মতো এ বছরও যথা সময় পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।”