বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, “রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।” মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মোজাম্মেল হক বলেন, “রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোন আইন ছিলো না। বিগত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলী; অর্থাৎ কিভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের জন্য কমিটি করা হয়েছে। আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।”