কক্সবাজারের টেকনাফ থেকে ৫ রোহিঙ্গা শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থী শিশুরা খেলছে। ২৭ মার্চ, ২০২২। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা পাঁচ শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. একরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

একরাম জানান, “সোমবার দুপুরে জাদিমুড়ার ন্যাচার পার্ক থেকে মুখোশধারী ৭ থেকে ৮ জন সশস্ত্র সন্ত্রাসী পাঁচ শিশুকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। এরপর অপহৃতদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করেছে তারা।” অপহৃত পাঁচ শিশুর মধ্যে তার বাড়ির কাছে একই ব্লকের তিনজন রয়েছে বলেও জানান তিনি।

অপহৃত শিশুরা হলো; টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪) এবং ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নূর কামাল (১৫)।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সুপার মো. জামাল পাশা বলেন, “ শিশুরা ঈদ উপলক্ষে বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে ছিলো। এ সময় ন্যাচার পার্ক এলাকা থেকে তারা অপহৃত হয়। তাদের উদ্ধারে অভিযান চলছে।”

“তবে মুক্তিপণের বিষয়ে এখনো অপহৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি;” পুলিশ সুপার মো. জামাল পাশা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, “অপহরণের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে, পুলিশ অপহৃতদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।”