সুদানে বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ বলেছেন, যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউস অবস্থিত সেখানে নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি এখনো অস্থিতিশীল।
বুধবার (২৬ মার্চ) তিনি ইউএনবিকে বলেন, “আমাদের কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি”।
বাংলাদেশ মিশনের প্রধান বলেন, তারা সুদানপ্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, “যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি যে, এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম দিকে এটা সম্পন্ন হবে। এখনই সরিয়ে যেতে আগ্রহী এমন প্রবাসীদের তথ্য আমরা সংগ্রহ করছি”।
এক প্রশ্নের জবাবে তারেক আহমেদ বলেন, “পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনো চালু রয়েছে”।
খার্তুমে পরিস্থিতি অপ্রত্যাশিত রয়ে গেছে, যদিও তারা কয়েকটি অঞ্চলে কিছুটা উন্নতির কিছু তথ্য পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা, সমস্ত কর্মকর্তা এবং তাদের পরিবার রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে আছি”।