খুলনায় নাশকতা মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

খুলনা জেলার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং খুলনা জেলা শাখার আহ্বায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে তাঁরা খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন। জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য অভিযুক্তরা হলেন—শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।

অভিযুক্ত পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিএনপির ১৭ জন নেতাকর্মী হাজিরা দিতে গিয়েছিলেন। তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা শাখার আহবায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিকে আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা শাখার আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা করেন।

মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।