শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন

অধ্যাপক আমিনা পারভীন। (ফাইল ছবি)

বাংলাদেশের সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম নারী কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন সমাজকর্ম বিভাগের প্রধান, অধ্যাপক আমিনা পারভীন। রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী অধ্যাপক আমিনা পারভীনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অধ্যাপক আমিনা পারভীন বলেন, “কোষাধ্যক্ষ পদটি আমার জন্য একটি বড় দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্য আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকবো। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।”

উল্লেখ্য, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় জন্ম ও বেড়ে উঠা অধ্যাপক আমিনা পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া, ২০০৭ সালে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে ইন্টারন্যাশনাল মাস্টার্স অফ সাইন্স ইন সোশাল ওয়ার্ক(আইএমএসএসডব্লিও)ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯৬ সালের ৯ এপ্রিল শাবিপ্রবির সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক আমিনা পারভীন শাবিপ্রবির শিক্ষক সমিতির সহ-সভাপতি, হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা, সমাজকর্ম বিভাগের প্রধানসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।