সুদানে অবস্থানরত বাংলাদেশিদের নিবন্ধন করার আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সুদানের ওয়াদি সিডনা বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়ার সময় একটি আরএএফ বিমানে জড়ো হচ্ছে বিভিন্ন দেশের লোকজন৷ ২৮ এপ্রিল, ২০২৩।

বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার দেশ সুদানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সুদানে অবস্থিত দূতাবাসে গিয়ে নিবন্ধন করার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে স্থানান্তরের বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, “সুদানে ১৫০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং এখন পর্যন্ত তাদের মধ্যে ৭০০ জন বাংলাদেশ দূতাবাসে নিবন্ধিত হয়েছেন। আগামী ২ মে, ইতোমধ্যে নিবন্ধিত ৭০০ বাংলাদেশি নাগরিককে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।”

ব্রিফিংয়ের আগে তিনি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন। জানা যায়, বন্দর সুদান থেকে ৭০০ বাংলাদেশিকে প্রথমে সৌদি আরবের জেদ্দা বন্দরে নিয়ে যাওয়া হবে।

বাকি বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, “কারণ কয়েকদিনের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।” এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি নিরাপদে সুদান ছেড়েছেন বলে জানান তিনি।