রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের বিনিময় হার বাড়লো ১ টাকা

আমেরিকান ডলার। (ছবি: অ্যাডোবি স্টক)

বাংলাদেশের রপ্তানি আয় ও রেমিটেন্সের ক্ষেত্রে, ডলারের বিনিময় হার এক টাকা বাড়িয়ে যথাক্রমে ১০৮ টাকা ও ১০৬ টাকা করা হয়েছে। নতুন বিনিময় হার অনুযায়ী, রেমিটার প্রতি ডলারের বিপরীতে সরকার ঘোষিত প্রণোদনাসহ ১১০টাকা ৫ পয়সা করে পাবেন। আর, রপ্তানিকারক প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৬ টাকা।

রবিবার (৩০ এপ্রিল) পর্যন্ত রেমিট্যান্সের বিপরীতে এক ডলারের দাম ছিল ১০৭ টাকা এবং রপ্তানি আয়ের বিপরীতে এই দাম ছিল ১০৫ টাকা।

রবিবার অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ সভায় নতুন বিনিময় হারের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (১ মে) থেকে নতুন বিনিময় হার কার্যকর হবে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আফজাল করিম, চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আরএফ হোসেন এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) পূর্বের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স এবং ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে বিনিময় হার নির্ধারণ করে।