বাংলাদেশের ৫ প্রকল্পে ২২৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক, ঋণচুক্তি সই

আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ, দুর্যোগ প্রস্তুতি এবং পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের উন্নয়নে, বিশ্বব্যাংক বাংলাদেশকে ২২৫ কোটি ডলার ঋণ দেবে। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সোমবার (১ মে) এ বিষয়ে ঋণ চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায়, পাঁচটি প্রকল্প বাস্তবায়নে ঋণের অর্থ ব্যয় হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এই অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পগুলো হলো; পূর্ব দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ (অ্যাকসেস), বাংলাদেশ ফেজ-১ প্রকল্প; স্থিতিস্থাপকতা, অভিযোজন ও দুর্বলতা হ্রাস করতে, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (রিভার); ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) প্রকল্প; সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্প এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্প।