সুদান থেকে বাংলাদেশিদের ৪টি বিশেষ ফ্লাইটে জেদ্দায় নেওয়া হচ্ছে— পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সুদানে আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদের ভাড়া করা ৪টি বিশেষ ফ্লাইটে জেদ্দায় নেওয়া হচ্ছে। বুধবার (১০ মে) তিনটি ফ্লাইটে এবং বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে তাঁদের জেদ্দায় নেওয়া হবে।

বুধবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।

তিনি জানান, চার্টার্ড ফ্লাইটগুলোর মধ্যে তিনটি ১০ মে এবং চতুর্থটি ১১ মে পরিচালিত হবে।

মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, “সুদানে অপেক্ষারত বাংলাদেশিদের খাবার সরবরাহের জন্য সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে। জেদ্দায় পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব তারা ঢাকায় ফিরে আসবেন”।

সংঘাতময় সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে । বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন। মঙ্গলবার (৯ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশে ফেরার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (৩ হাজার টাকা) ও আইওএম (২ হাজার টাকা) থেকে তাদের খাবার ও পরবর্তী পরিবহন ভাতা প্রদান করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সমন্বিত সহায়তায় সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় আসার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল ব্যবস্থার মাধ্যমে বিমানের টিকিট দিয়ে সহায়তা করেছে।