সংঘাতময় সুদান থেকে জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন আরও ৫১ জন বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দা থেকে আরও ৫১ জন সুদানপ্রবাসী বাংলাদেশি বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের মাধ্যমে তারা ঢাকায় আসেন। বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস ও সৌদি আরব কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতময় সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশি জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন।

এর আগে বুধবার (১০ মে) সংঘাতময় সুদান থেকে ৪৭৮ জন বাংলাদেশি নাগরিক দেশটির বদর এয়ারলাইনসের ৩টি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছেন। প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় বিকেলে জেদ্দা বিমানবন্দরে পৌঁছে। এ সময় বাংলাদেশি নাগরিকদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

রাতে বদর এয়ারলাইনসের আরও ২টি ফ্লাইটে ৩০২ জন জেদ্দা বিমানবন্দরে পৌঁছেন।

সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশিদের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনে নেওয়া হয়। তারা সেখানে বিশ্রাম নেন। এ ছাড়া তাদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন বাংলাদেশি সুদান থেকে জেদ্দা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জেদ্দা থেকে কাতার এয়ারলাইনসে আরও ১৩০ জন এবং মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৮ জন বাংলাদেশি দেশে ফিরবেন। অন্যদের বিভিন্ন ফ্লাইটে জেদ্দা থেকে যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন সুদানপ্রবাসী বাংলাদেশি নাগরিক বাংলাদেশে পৌঁছেন। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করতেন। এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

সুদানে গত মাস থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এতে এ পর্যন্ত বেসামরিক নাগরিক সহ ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশ জাহাজ ও বিমানে করে সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। বাংলাদেশও সংঘাতময় সুদান থেকে বাংলাদেশি নাগরিকদের চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নিচ্ছে।