ভারত মহাসাগরীয় সম্মেলন ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং

মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপনকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স—আইওসি) ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন বৃহস্পতিবার (১১ মে) ঢাকায় পৌঁছেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মরিশাসের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। পৃথ্বীরাজসিং রূপনের সঙ্গে তাঁর স্ত্রী ও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

পৃথ্বীরাজসিং রূপন ঢাকায় অনুষ্ঠিতব্য ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন ২০২৩–এর পাশাপাশি দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দেবেন।

তিনি বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মরিশাস সফররত প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মরিশাসের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এ ছাড়া তাঁর ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। সফরকালে তিনি টেক্সটাইল শিল্পও পরিদর্শন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।

মরিশাসে কর্মরত প্রায় ২০ হাজার বাংলাদেশিদের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে।