অংশীদারত্ব সহযোগিতা চুক্তি দ্রুত চালুর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইইউ

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কৌশলগত ক্ষেত্রে সহযোগিতার জন্য দ্রুততম সময়ে অংশীদারত্ব সহযোগিতা চুক্তি চালু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বুধবার (১০ মে) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের অর্থনৈতিক ও বৈশ্বিক ইস্যুবিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কোনিগের মধ্যে বৈঠকে এই প্রতিশ্রুত ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপে এ বিষয়ে একমত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেক্টরাল ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মো. শাহরিয়ার আলম এবং হেলেনা কোনিগ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।

বাংলাদেশ ও ইইউ ২০২৩ সালে তাদের অংশীদারত্বের ৫০ বছর পূর্তিতে সন্তোষ প্রকাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ের আওতায় জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র শাসন, ডিজিটালাইজেশন ও সাইবার নিরাপত্তা, জ্ঞান-উদ্ভাবন-অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় ও উপকরণ নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে।