কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকাল ৪টার দিকে উখিয়ার পালংখালীর জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এ ঘটনা ঘটে। নিহত শুক্কুর রহমান (২২) এলাকার ফয়জুল করিমের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

রোহিঙ্গারা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলি ই/৩ ব্লকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন) এর সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে শুক্কুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, “জামতলি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”