আমরা অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করি না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তার সরকার কখনোই এমন কোনো মেগা প্রকল্প গ্রহণ করেনি, যা জনগণের জন্য সর্বোচ্চ উপকার বয়ে আনবে না। শনিবার (১৩ মে) ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) এর ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের মেগা প্রকল্পসমূহের ওপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। শেখ হাসিনা বলেন, “আমরা অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করি না।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “মেগা প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু, যখন প্রকল্পগুলো শেষ হবে এবং জনসাধারণ এর সুফল ভোগ করতে শুরু করবে তখন আমি শুনতে চাই তারা কী বলে।” তিনি আরো বলেন, “আমরা যেকোনো প্রকল্প নেয়ার আগে আমরা ভাবি, দেশের মানুষ কতটা উপকৃত হবে এবং তা শেষ হওয়ার পর সেই প্রকল্প থেকে প্রত্যাবর্তন (রিটার্ন) কী হবে এবং তা কত দ্রুত আসবে।”

শেখ হাসিনা বলেন, কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠানের দেয়া বিপুল পরিমাণ অর্থ দিয়ে এমন কোনো প্রকল্প তিনি কখনোই গ্রহণ করেন না, যা দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনে না। তিনি বলেন, “আমি আপনাদের এটা জানাতে চাই, আমি কেবল তাই করবো যা আমাদের দেশের জন্য প্রযোজ্য হবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ এবং এএমআইই (অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স) বিভাগের গ্র্যাজুয়েটদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন।