ছয় নদীর দূষণ প্রতিরোধে মহাপরিকল্পনা নেয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

বাংলাদেশের রাজধানী ঢাকার ৬ টি নদীর দূষণ রোধে মহাপরিকল্পনা নেয়া হয়েছে বালে জানিয়েছেন দেশটির স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার (১৪ মে) রাজধানী ঢাকার একটি হোটেলে, ঢাকা ওয়াসা আয়োজিত মাস্টার প্ল্যান অন মেঘনা রিভার শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম জানান, “সায়দাবাদ পানি পরিশোধন প্রকল্পের উৎস মেঘনা নদী। এই নদীসহ ঢাকা শহরের আশেপাশের ছয়টি নদীর পানি দূষণ রোধে মহাপরিকল্পনা নেয়া হয়েছে; যাতে নদীগুলোকে দূষণ ও দখল থেকে রক্ষা করা যায়।”

স্থানীয়-সরকারমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার জন্য বাংলাদেশের দায় অতি নগন্য। তা সত্বেও, সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর একটি বাংলাদেশ।” তিনি বলেন, “উন্নত বিশ্বের শিল্পায়নের দায় আমাদের নিতে হচ্ছে। পানি ও বাতাসের মতো সম্পদের দূষণ রোধে আমাদের সমন্বিত প্রয়াস নিতে হবে। তাই, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়ন অংশীদারদের আরও সক্রিয় ভূমিকা দরকার।”

তাজুল ইসলাম বলেন, “মানুষের জীবন জীবিকার জন্য পানি অপরিহার্য। তবুও মানুষই এই পানি দূষণ করে নানাভাবে। মানুষ কৃষিতে কীটনাশক ও সার ব্যবহার করে, শিল্পায়নের বর্জ্যের মাধ্যমে পানি দূষণ করে।” এ সময় তিনি পানির মতো অমূল্য সম্পদকে, দূষণ থেকে রক্ষা করতে আরো সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।