ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ মে) বলেছেন, ব্রিটেনের ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে দেশে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার সাম্প্রতিক সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা ওয়েস্টমিনস্টার টাইপের গণতন্ত্র অনুসরণ করি। ব্রিটেনের মতো আমরা নির্বাচন করবো। হ্যাঁ, আমরা উদারতা (নমনীয়তা) দেখাতে পারি যে সংসদে এমপিদের (অন্যান্য বিরোধী দল) মধ্য থেকে কেউ যদি নির্বাচনকালীন সরকারে যোগদানের ইচ্ছা প্রকাশ করে, আমরা তাদের নিতে প্রস্তুত।”

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে বিরোধী দল বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেন। শেখ হাসিনা বলেন, “এখন তারা (বিএনপি) সংসদে নেই। সুতরাং, তাদের সম্পর্কে চিন্তা করার কিছু নেই।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে এ ধরনের উদারতা দেখানো হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সেই নির্বাচনকালীন সরকারে তার দলের প্রতিনিধিত্ব রাখতে বলা হয়েছিলো, কিন্তু তিনি তা করেননি।”

ওদিকে,গত মঙ্গলবার (৯ মে) গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, “নির্বাচনী মাঠ শূন্য করতে সরকার আবার ‘পুরনো খেলা’ শুরু করেছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আগামী ২৩ ডিসেম্বর অথবা ২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচন নিয়ে আবার সেই আগের খেলায় মেতে উঠেছে তারা।”

মির্জা ফখরুল বলেন,“তাদের (সরকার) লক্ষ্য হচ্ছে একটা নীলনকশার নির্বাচন করা। বিরোধী দলকে পুরো মাঠ থেকে বের করে দেয়া এবং এরপর সেই নীলনকশার নির্বাচন করে আবার ক্ষমতায় আসা; এটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই তারা কাজ করছে।”