অবৈধভাবে ভারতে যাওয়ার পর সেদেশে দুই বছর কারাবাস করে স্বদেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক।বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে, বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে, বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে ফিরে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।ফেরত আসা ব্যক্তিরা হলেন; আরিফ মোল্লা (২৩), কোরবান আলী (২৫), পান্নু মোল্লা (২৮), সোলাইমান (২০), শরিফ (২৪), সাইফুল ইসলাম (১৯), ইয়াছিন শেখ (২৫), নজিবুল ইসলাম (২০), সুমন্ত মন্ডল (১৮) ও সোহেল হাওলাদার (২১)। এরা বাংলাদেশের রাজবাড়ি, বগুড়া, নড়াইল, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, “ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১০ বাংলাদেশির ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে, তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা নিজ উদ্যোগে বাড়ি ফিরে যাবেন।”
বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার-এর ফিল্ড অফিসার রোকেয়া পারভিন বলেন, “ফেরত আসা ব্যক্তিরা ভালো কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিলো। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন।”
তিনি আরো বলেন, “ প্রথমে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। পরে, আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষে, ত্রিজি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে এনে শেল্টার হোমে রাখে। বৃহস্পতিবার (১৮ মে) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।”