খুলনায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৩০, আটক ১০ জন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে, খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।খুলনা প্রেসক্লাবের সামনে শুক্রবার (১৯ মে) বিকালে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন দাবি করেছেন, পুলিশের হামলায় তাদের দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি নেতা মুজিবুর রহমান ও জাহিদুল রহমানসহ দলের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম তুহিন। সংঘর্ষের সময় পুলিশ গুলি ছুড়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “কোনো উসকানি ছাড়াই সমাবেশে পুলিশ গুলি চালায়, লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে।”

বিএনপি নেতারা জানান, শুক্রবার বিকালে প্রেসক্লাবের সামনে সরকারের পদত্যাগ, মিথ্যা মামলা বন্ধ, গণগ্রেপ্তার এবং সরকারের দুর্নীতির প্রতিবাদ-সহ ১০ দফা দাবিতে সমাবেশের দিনক্ষণ নির্ধারিত ছিলো শুক্রবার। সে অনুযায়ী, জেলা ও নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা দুপুর থেকেই সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। পুলিশ সমাবেশস্থলের দিকে অগ্রসর হওয়া মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

খুলনা মহানগর বিএনপির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। এতে আমাদের দলের প্রায় ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৫-৩০ নেতাকর্মী প্রেস ক্লাবের মধ্যে আটকা পড়েন।

বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, “অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করছিলো বিএনপির নেতা-কর্মীরা। তারাই পুলিশের ওপর হামলা করেছে।”

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম বলেন, “বিএনপির প্রোগ্রাম ছিলো খুলনা প্রেসক্লাবে; অথচ কিছু নেতাকর্মী রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা বাধ্য হয়ে টিয়ারসেল ও গ্যাসগান নিক্ষেপ করি।”

তিনি বলেন, “এ পর্যন্ত আমরা ১০ জনকে আটক করেছি। আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছেন।