পতেঙ্গায় বঙ্গোপসাগরে নোঙর করা লাইটার জাহাজে আগুন, আহত ৩ জন

পতেঙ্গায় বঙ্গোপসাগরে নোঙর করা লাইটার জাহাজে আগুন

বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গায়, সাগরে অবস্থান করা মহুরি-২ নামে একটি লাইটার জাহাজে আগুন লাগলে তিন শ্রমিক দগ্ধ হন। শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে হালিশহরের পশ্চিমে, পতেঙ্গায় (খেজুরতলা এলাকা) বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটার পর আগুন লেগে যায়। জাহাজে পাঁচজন কর্মী ছিলেন। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাহাজে আগুন লাগার খবর প্রথমে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি পতেঙ্গায় সাগর পাড়ে যায়। জাহাজটি সাগরের মাঝখানে থাকায় এই দমকল ইউনিট কোন সাহায্য করতে পারেনি। পরে, চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে, জাহাজের বেশিরভাগ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দু’টি ইউনিট স্টেশন থেকে বের হয়। জাহাজটি সাগরের মাঝখানে ছিলো; তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হয়ে যায়।”

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “জাহাজে আগুন লাগার ফলে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”