রোহিঙ্গা গণহত্যা মামলায় সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন ওআইসি মহাসচিব

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চালানোর জন্য সদস্য দেশগুলোকে আরো সক্রিয় হওয়ার জন্য এবং তহবিল দিয়ে গাম্বিয়াকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। ওআইসি মহাসচিব এখন ঢাকায় অবস্থান করছেন।

ওআইসি মহাসচিব রবিবার (২৮ মে) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা, রোহিঙ্গা সংশ্লিষ্ট মামলায় যোগদান করতে এবং ওআইসি-এর তৈরি তহবিলে সমর্থন দিতে সদস্য দেশগুলোকে আহ্বান জানাচ্ছি। এই মামলা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।গাম্বিয়া বড় বা ধনী দেশ নয়; তবে তারা অনেক প্রচেষ্টা করছে।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসি মহাসচিব এবং গাম্বিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ওআইসি দ্বারা তৈরি তহবিলের জন্য সমর্থন চেয়ে সদস্য রাষ্ট্রগুলোকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন। আর, সোমবার (২৯ মে) ওআইসি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।”

আব্দুল মোমেন বলেন, “তারা (ওআইসি) একটি অগ্রণী ভূমিকা নিয়েছে। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।”

ওআইসি মহাসচিব বলেন, “প্রকৃতপক্ষে, ওআইসি সদস্য দেশগুলোর জন্য, বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। রোহিঙ্গা হলো ওআইসি'র জন্য অন্যতম শীর্ষ অগ্রাধিকার বিষয়।”

হিসেন ব্রাহিম বলেন, “বাংলাদেশ সরকারের অসাধারণ প্রচেষ্টার জন্য আমরা আমাদের ধন্যবাদ জানাতে এখানে এসেছি। এই রোহিঙ্গারা কষ্ট পাচ্ছে। তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নত জীবনের দাবিদার।”