ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পরীক্ষায় কান-মুখ খোলা রাখতে হবে শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সব ধরনের পরীক্ষার সময় ছাত্রীদের পরিচয় শনাক্ত করতে, কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

আদালত বলেছেন, বাংলা বিভাগের পরীক্ষা চলাকালে ছাত্রীদের যতটুকু প্রয়োজন ততটুকু মুখমণ্ডল খোলা রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষে করা আপিল আবেদনের বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২৯ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল মো. সাইফুল আলম। অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। তাকে সহযোগিতা করেন রিটকারী আইনজীবী ফয়েজ উল্লাহ ফয়েজ ও মাহমুদুল হাসান।

গত বছরের ১১ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যানের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/ প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে।”

এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়।