বাংলাদেশে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি

ফাইল ছবি-ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু সংক্রমিত রোগীরা। বুধবার, ৩১ জুলাই, ২০১৯। এপি/ মাহমুদ হোসেন।

বাংলাদেশে গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেশি। এ কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (২৯ মে) সচিবালয়ে করোনা টিকা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে এবং আশপাশের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত সময়ে এক হাজার ৭০৪ জন ডেঙ্গুরোগী পেয়েছি। এসময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে “

তিনি বলেন, “আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি; এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ বেশি। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোধে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের হাসপাতালের পরিচালকদের সঙ্গে ডিজির (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বৈঠক হয়েছে, হাসপাতালে যেন প্রস্তুতি থাকে সে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে। আর ডেঙ্গু সার্ভে চলমান রয়েছে। রিপোর্ট দুই সিটি করপোরেশনে পাঠানো হয়েছে।”

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং আলাদা কর্নার তৈরি করা হয়েছে বলে জানান জাহিদ মালেক। বলেন, “আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে, আপনারা ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিন। বাসার আশপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশেপাশে যদি জঙ্গল থাকে সেখানে স্প্রে করুন এবং পানি বা যদি অন্যকিছু জমে থাকে সেগুলো সরিয়ে ফেলুন।”