চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে, বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। সোমবার (২৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় এ মামলা নথিভুক্ত করা হয়।

মামলায়, বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, “গতকাল (২৮ মে) বিএনপির নেতাকর্মীরা বিনা কারণে পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”

উল্লেখ্য রবিবার (২৮ মে) বিকেলে, কর্মসূচি শেষে, নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপি কর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়েছে বলে দাবি করে পুলিশ। সে সময় বিএনপির নেতারা দাবি করেছিলেন, পুলিশের ওপর কোন হামলা ঘটনা ঘটেনি।