আমরা একটি ঘটনাবহুল ২০২৩ সাল অতিক্রম করলাম । যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগের মতো উদ্বেগ উৎকন্ঠার খবরের পাশাপাশি রয়েছে রাজা তৃতীয় চার্লস-এর সিংহাসনে আরোহণের চমকপ্রদ খবরও। আমরা এখানে ফিরে দেখবো ২০২৩ সালের কিছু মূখ্য ঘটনার দিকে।
গাজায় ইসরাইল-হামাস লড়াই
ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত হয়ত নতুন কোন সংবাদ নয়। হামাস গাজার শাসনভার গ্রহণের পর থেকে ইসরাইলের সঙ্গে তার সংঘাত লেগেই চলেছে । যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এবার অবশ্য ইসরাইল হামাসের মধ্যে সংঘাতের মাত্রা ও ব্যাপকতা নজিরবিহীন। অক্টোবর মাসের সাত তারিখ হামাস জঙ্গিরা সীমান্তের বেড়া ভেঙ্গে এবং ইসরাইলি সামরিক বাহিনিকে হতবাক করে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে।
পরিকল্পিত ঐ হামলায় তারা ১,২০০ ইসরাইলিকে হত্যা করে, যাদের বেশির ভাগই অসামরিক লোকজন। তারা ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায়। অস্থায়ী অস্ত্র বিরতির সময় কিছু বন্দি বিনিময় হয়েছে তবে বলা হচ্ছে এখনও হামাসের হাতে বন্দি রয়েছেন ১২৯ জন।
হামাসের হামলার পর পরই ইসরাইল তড়িৎ গতিতে গাজায় পাল্টা আক্রমণ চালায়। গাজায় ইসরাইলি আক্রমণে কুড়ি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগ নারী ও শিশু। প্রায় ২০ লক্ষ লোক বাস্তুচ্যূত হয়েছেন। গাজার সরকারি সুত্রগুলো জানিয়েছে এই যুদ্ধে আহত লোকের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনিয়াহু।
ইসরাইলের এই ঢালাও আক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ফিলিস্তিনরা। ত্রাণ সংস্থাগুলি বলছে ইসরাইলের বিমান এবং পরে স্থল আক্রমণের শিকার হয়েছেন গাজার হাজার হাজার অসামরিক লোকজন।
সেখানে তৈরি হয়েছে বড় রকমের মানবিক সংকট। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।
এরই মধ্যে জাতিসংঘে ইসরাইলের সঙ্গে হামাস শাসিত গাজার যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছিল কিন্তু তাতে ভিটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে মানবিক কারণে অস্থায়ী অস্ত্র বিরতির সময়ে বন্দি বিনিময় হয়েছে এবং গাজায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানো শুরু হয়। অতি সম্প্রতি জাতিসংঘের একজন সমন্বয়কের নেতৃত্বে গাজায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনিয়াহু এবং সামরিক বাহিনীর প্রধান ইতোমধ্যে বলেছেন যে হামাসকে সম্পুর্ণ ভাবে নির্মূল না করা পর্যন্ত এই লড়াই চলতে থাকবে।
প্রেসিডেন্ট জেলেন্সকিঃ “বিজয় যদি না আসে তা হলে দেশটাই থাকবে না।”
ইউক্রেন যুদ্ধে অচলাবস্থা
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল অনেক দিন থেকেই। ইউক্রনের মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং নেটোতে যোগদানের সম্ভাবনা নিয়ে রাশিয়া সাবেক সোভিয়েত অঙ্গরাজ্য ইউক্রেনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ২০১৪ সাল থেকেই চলছিল কিন্তু ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সরাসরি ইউক্রেনে আক্রমণ চালায় এবং ইউক্রেনের বেশ কিছু অংশ দখল করে নেয়।
মনে করা হচ্ছে রাশিয়ার এই আক্রমণে ইউক্রেনে হাজার হাজার সামরিক ও অসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটে। ২০২৩ সালের এপ্রিল মাস নাগাদ প্রায় ৮২ লক্ষ লোক দেশ ত্যাগে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হয় ইউরোপের সব চেয়ে বড় শরণার্থী সংকট।
দেশের পূর্বে এবং দক্ষিণে হারানো এলাকা পুনরুদ্ধার করার জন্য ইউক্রেন ২০২৩ সালের জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। পশ্চিমা বিশ্বের দেয়া ভারী অস্ত্রে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী পাল্টা অভিযানে দ্রুত সাফল্য আশা করছিল।
ইউক্রেনের সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুশনি।
কিন্তু পাল্টা আক্রমণে ইউক্রেন প্রচুর ক্ষতির সম্মুখীন হয় এবং ইউক্রেনর শীর্ষ নেতাদের উদ্বেগ এখন প্রকাশ্যে এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি তাঁর এক ভাষণে অন্তরকলহের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ঐক্য নষ্ট হলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। তিনি আরও বলেন, “ বিজয় যদি না আসে তা হলে দেশটাই থাকবে না”।
জেলেন্সকির এই আত্মকলহ বন্ধ করার আবেদন আসে কারণ তিনি নিজে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুশনির সঙ্গে এ ব্যাপারে প্রকাশ্যে দ্বিমত প্রকাশ করেন যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ ধরণের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে অস্ত্র ও সহযোগিতা খাতে ১০০ কোটি ডলার দান করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৬০ কোটি ডলার বরাদ্দ করতে কংগ্রেসকে অনুরোধ করেছেন তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিপাবলিকান সদস্যদের অসহযোগিতার কারণে এই বরাদ্দ আটকে আছে।
রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের নিয়ম আরও কড়াকড়ি ভাবে প্রয়োগ করতে এবং বিশেষত মেক্সিকান সীমান্তে অভিবাসন-প্রত্যাশীদের প্রতিহত করার জন্য আরও ব্যবস্থা গ্রহণ করার শর্তে ইউক্রেনের জন্য সহায়তা অনুমোদনের কথা বলছেন।
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে উদ্বেগর মধ্যে আবার ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তাও বন্ধ হচ্ছে । ইউরোপীয় ইউনিয়নের ৫,২০০ কোটি ডলারের একটি প্রস্তাবিত সহায়তা হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিটো দিয়ে বন্ধ করে দিয়েছেন।
তবে ইক্রেন ও রাশিয়ার মধ্যে তুমূল লড়াই অব্যাহত আছে আর সেজন্যই বলা হচ্ছে যে এমন এক ধরণের অচলাবস্থা তৈরি হয়েছে যেখানে কোন পক্ষের জয়-পরাজয়ের তেমন কোন স্পষ্ট আভাস পাওযা যাচ্ছে না।
পর্ণ তারকা স্টরমি ডানিয়েলসের সাথে ট্রাম্পের সম্পর্ক নিউ ইয়র্কে একটি মামলার অংশ।
ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রথম ২৩৪ বছরে কোন আমেরিকান প্রেসিডেন্ট কিংবা প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত হন নি। এ বছরই এটা বদলে যায়। পাঁচ মাস সময়ের মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলায় অভিযোগ আনা হয়।
তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা করেছিলেন বলে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তাঁকে ১৩টি গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়। আগস্টের ১৪ তারিখে আটলান্টা ভিত্তিক গ্র্যান্ড জুরি ট্রাম্প এবং আরও ১৪ জনকে ২০২০ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্টের পরাজেয়র ফলাফল উল্টে দেবার অভিযোগে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগের ঐতিহাসিক সিদ্ধান্ত হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা।
একজন পর্ণ শিল্পিকে তাঁর সাথে সম্পর্ক গোপন রাখার জন্য ট্রাম্প যে অর্থ ঘুষ দিয়েছিলেন তার জন্য তার বিরুদ্ধে ৩৪টি গুরুতর অভিযোগ আনা হয়। আর ফ্লোরিডায় গোপন নথিপত্র রাখার জন্য তিনি ৪০টি গুরুতর অপরাধে অভিযুক্ত হন।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ এরদোয়ানঃ দেশের দক্ষিণাঞ্চলে মানবিক বিপর্যয়।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প
বছরের সব চেয়ে বড় প্রাকৃতিক দূর্যোগ হচ্ছে তুরস্কের ভূমিকম্পন। বলা যায় বছেরর প্রায় শুরুতেই, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে রিক্টার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়।
এই ভূমিকম্পের প্রায় নয় ঘন্টা পর সেখান থেকে প্রায় ৫৯ মাইল দূরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
প্রথম ভূমিকম্পটি ছিল গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বিধ্বংসী। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল জুড়েই হাজার হাজার সিরীয় শরণার্থির বসবাস ছিল।
এই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে, শত শত লোক গৃহহীন হয়ে পড়ে। তুরস্কের প্রায় তিন লক্ষ ঘরবাড়ি ভেঙ্গে পড়ে। এই সময়ে সিরিয়ায় প্রায় সাড়ে আট হাজার লোক প্রাণ হারায়।
প্রেসিডেন্ট জো বাইডেনঃ বেলুন ঘটনা চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল করে দিয়েছিল।
চীনা বেলুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উত্তেজনা
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উপর দিয়ে যখন একটি চীনা গুপ্তচর বেলুন উড়ে যায় তখন ক্যাপিটল হিলে উদ্বেগ নেমে আসে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর চীন সফর বাতিল করেন।
চীন অবশ্য বলেছে এটি আবহাওয়া বিষয়ক বেলুন এবং তা নির্দিষ্ট পথসীমার বাইরে চলে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে বেলুনটি কোন এক অপকর্মে লিপ্ত ছিল।
যুক্তরাষ্ট্র ঐ গুপ্তচর বেলুনটিকে ক্যারোলাইনার উপকুলের অদূরে ভূপাতিত করে। তার আগেই বেলুনটি উত্তর আমেরিকার স্পর্শকাতর কিছু এলাকা জুড়ে উড়ে বেড়ায়। যুক্তরাষ্ট্র বেলুনটির ধ্বংসাবশেষ অনুসন্ধানের জন্য আটলান্টিক মহাসাগরের যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রজলে সন্ধান চালায়।
বেলুনটি ৬০ হাজার ফুট উপর দিয়ে উড়ে যায় এবং এর আয়তন আনুমানিক তিনটি স্কুল বাসের সমান ছিল। যুক্তরাষ্ট্র বলছে যে desher উপর থেকে উড়ে যাওয়া চীনা বেলুন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। এই ঘটনার পর থেকে উড়ন্ত বস্তুকে কেন্দ্র করে আরও উদ্বেগ দেখা দেয়।
হেনরি কিসিঞ্জারঃ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০।
মারা গেলেন হেনরি কিসিঞ্জার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সম্ভবত সব চেয়ে সক্রিয় এবং বিতর্কিত কুটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেলেন । মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্রের কুটনীতিতে তাঁর কৃতিত্ব একাধিক।
তিনি যুক্তরাষ্ট্র ও চীনকে কুটনৈতিক ভাবে পরস্পরের কাছাকাছি নিয়ে আসেন, ভিয়েৎনাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটান। এ জন্যে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
কিসিঞ্জার ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর মিশর ও ইসরাইলের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করেন। তবে পাশাপাশি ১৯৭০-এর দশকের গোড়ার দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা ব্যাপক বোমা ফেলার জন্য দায়ী তাদেরই অন্যতম হচ্ছেন হেনরি কিসিঞ্জার। সেই সময়ে ভিয়েৎনামের একটি বিশাল অংশ, কম্বোডিয়া ও লাওস বড় রকমের ক্ষতির শিকার হয়।
তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি চীনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য পাকিস্তানকে ব্যবহার করেন এবং তার বিনিময়ে তিনি পাকিস্তানের সামরিক সরকারকে তদানীন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)-এর উপর সামরিক নিপীড়ন চালিয়ে যেতে দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে ব্যঙ্গ করেন।
রাজা তৃতীয় চার্লস, সাথে রানী ক্যামিলা।
অবশেষে চার্লস হলেন ব্রিটেনের রাজা
এই বছরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো রাজা তৃতীয় চার্লস’এর ব্রিটেনের রাজা প্রাসাদে আসীন হওয়া । তাঁর মা ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মারা যান।
তার পর তাঁর বড় ছেলে চার্লস ব্রিটেনের রাজত্বের দায়িত্ব নেন। রাজা তৃতীয় চার্লস এবং রাণী ক্যামিলা আনুষ্ঠানিক ভাবে অভিষিক্ত হন ২০২৩ সালের ৬ মে।
তিনি কেবল ব্রিটেনের নন, কমনওয়েলথ রাষ্ট্রসমূহের প্রধানের দায়িত্বও গ্রহণ করেন। এবারের অভিষেক অনুষ্ঠানটি ছিল ভিন্ন রকমের।
এবারের এই অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বিশ্বাস, সংস্কৃতি ও সম্প্রদায়ের লোকেরা অংশ নেন যদিও ১৯৫৩ সালে রাণী এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানের চেয়ে তা আকারে ছিল বেশ ছোট।
এবার অবশ্য টেলিভিশনের পর্দায় ২ কোটি ৪০ লক্ষেরও বেশি লোক চার্লস’এর অভিষেক অনুষ্ঠান উপভোগ করেছেন।