আফগানিস্তানে মানবিক সংকট মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের আহবান জানিয়েছে ব্রিটেন ও পাকিস্তান

আফগানিস্তানের কাবুলে একটি বেকারির বাইরে বোরকা পরা মহিলাদের এক ব্যক্তি রুটি বিতরণ করছেন। ডিসেম্বর ০২, ২০২১।

ব্রিটেন ও পাকিস্তান মঙ্গলবার আফগানিস্তানে মানবিক সহায়তা বাড়ানোর জন্য একটি সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপের পক্ষে কথা বলেছে। তালিবান আফগানিস্তানের দখল নেবার পর, দেশটি ব্যাপক অনাহার ও অর্থনৈতিক পতনের মুখোমুখি রয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আন্তর্জাতিক সেমিনারে ব্রিটেনের হাইকমিশনার ক্রিশ্চিয়ান টার্নার বলেন, "আমাদের যৌথ লক্ষ্য হলো একটি স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক আফগানিস্তান"।

তিনি বলেন, "আমি জোর দিতে চাই যে, ইউ.কে. একটি বাস্তবসম্মত পন্থা নিচ্ছে। আমরা তালিবানের সঙ্গে কথা বলছি"।

ব্রিটেনের কূটনীতিক অবশ্য জোর দিয়ে বলেছেন যে, তালিবানের সঙ্গে সংলাপের কেন্দ্রে রয়েছে-- সন্ত্রাসবাদ প্রতিরোধ, সংখ্যালঘুদের অধিকার, নারীদের অধিকার এবং স্কুলে মেয়েদের লেখাপড়া সংক্রান্ত বিষয়গুলো।

ঐ সেমিনারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, তালিবান সরকার আফগানিস্তানের সব প্রতিবেশী দেশ এবং এই অঞ্চলের বাইরের শক্তি গুলোকে আশ্বস্ত করেছে যে, তারা আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদের জন্য ব্যবহার হতে দেবে না।