বিজেপির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আজ বেশি রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। আগামীকাল শনিবার তিনি মেদিনীপুর সফরে যাবেন, সেখানে একটি অনুষ্ঠানে তিনি শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি তর্পণ করবেন। বিকেলে তাঁর জন্য একটি সভার আয়োজন করেছে বিজেপি। শোনা যাচ্ছে, সেখানে স্বয়ং অমিত শাহের উপস্থিতিতে সদ্য তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে আরও কিছু ছোট-বড় তৃণমূল নেতা বিজেপিতে যেতে পারেন বলেও পার্টি সূত্রের খবর। রবিবার অমিত শাহ্ বীরভুমের বোলপুরে যাবেন। সেখানে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা আছে।
Your browser doesn’t support HTML5
দুদিনের পশ্চিমবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
এছাড়া অমিত শাহ্ বোলপুরে একটি জনসভায় ভাষণ দেবেন এবং মিছিল করবেন। তাঁর মেদিনীপুর ও বোলপুর সফর যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ থেকে পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি বীরেন্দ্রকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গত ১০ই ডিসেম্বর বিজেপি সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে আসার পর তাঁর কনভয়ে যে হামলা হয়েছিল সেরকম কোনও ঘটনা যেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে না ঘটে। এই সফরে যাতে কোনও বিঘ্ন না ঘটে তা সুনিশ্চিত করতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও সিআরপিএফ থেকে জানতে চাওয়া হয়েছে।