লিবিয়ায় সামরিক কর্মকর্তারা বলেন সরকার সমর্থক বাহিনী ওয়াজিন এলাকায় একটি সীমান্ত চৌকি পুনরায় দখল করেছে। গত সপ্তাহে বিদ্রোহীরা ওই সীমান্ত পারাপার চৌকী দখল করেছিল।
ওদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অবরুদ্ধ মিসরাটা শহরে লড়াই অব্যাহত রয়েছে। জাতিসংঘের একটি প্যানেল তদন্ত চালাচ্ছে লিবিয়ায় বিরোধীদের বিরুদ্ধে সরকারের দমন অভিযানের সময় সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে।
লিবিয়ার নেতা মোয়াম্মর গাদ্দাফির অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েকটি স্থানে গত রাতে সংঘর্ষের খবর পাওয়া যায়।
বিরোধী সূত্রে বলা হয় মি গাদ্দাফির বাহিনী মিসরাটায় এবং জিনটান শহরে রকেট নিক্ষেপ করে। তার আগে নেটো বাহিনী বিমান আক্রমন চালায় মিসরাটা বন্দরে সরকারী আক্রমন বন্ধ করার লক্ষ্যে।