অসমের ভয়াবহ বন্যায় চরম সঙ্কটে সীমান্ত রক্ষী বাহিনী

দেশের সংবাদ সংস্থার খবর সূত্র জানা যাচ্ছে অসমের ভয়াবহ বন্যায় চরম সঙ্কটে সীমান্ত রক্ষী বাহিনী। নানা জায়গায় জলে ডুবে গেছে ক্যাম্প। অসমের ছাব্বিশ টি জেলার সতেরো লাখ মানুষ বিপন্ন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই ছবি অসমের ধুবুড়ি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের। এ পারে পাটামারী এবং মহামায়ার চর এলাকা। ও পারে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা। কিন্তু, এখন আর কোথায় এ পার-ও পার! ব্রহ্মপুত্রের জলে ভেসে গেছে কাঁটাতার। মিশে গেছে দু-দেশের মানচিত্র।
জলে ডুবে গেছে বি এস এফের-এর সীমান্ত চৌকি। গলা জলে সীমান্ত আগলে রাখছেন জওয়ানরা। চরম অসহায়তার মধ্যেও ওঁরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই বন্যায় নিখোঁজ একশো চুয়াত্তর নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ কর্মী। চৌকির চর বর্ডার আউট পোস্টে কর্মরত পূর্ণিয়ার বাসিন্দা বিপিন মিশ্রর খোঁজ মিলছে না। অন্যদিকে, বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা। অভয়ারণ্যের প্রায় নব্বই শতাংশ এলাকা বানভাসি। আশ্রয় হারিয়ে উঁচু জায়গার খোঁজে পশুরা। ইতিমধ্যেই বেশকয়েকটি হরিণ-হাতি-গণ্ডার মারা গেছে। জলের নীচে বনরক্ষীদের শিবির। বন্যায় জলের নীচে চলে গেছে ছিয়াশি হাজার হেক্টর চাষের জমি। রাজ্যের চারশোটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বানভাসিরা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট