সৌদি আরবে একটি নিরাপত্তা চেকপয়েন্টে সন্ত্রাসী হামলা, নিহত ১জন বাংলাদেশী

সৌদি আরবে একটি নিরাপত্তা চেকপয়েন্টে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন একজন বাংলাদেশী ও একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা।

সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে সৌদি গেজেট পত্রিকায় সোমবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, রোববার বিকেলে সৌদি আরবের বুরাইদাহ অঞ্চলে বুরাইদাহ-তারাফিয়াহ সড়কের একটি চেকপোস্টে ওই হামলার ঘটনাটি ঘটেছে। রিপোর্টে নিহত ওই বাংলাদেশীর পরিচয় প্রকাশ করা না হলেও সৌদি নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করে বলা হয়েছে তিনি হলেন, প্রথম শ্রেনীর ওয়ারেন্ট অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদুল লতিফ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি গাড়িতে থাকা তিন সন্ত্রাসী ওই চেকপোস্টের ওপর গোলাগুলি শুরু করলে সেখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি ছুঁড়লে দুই সন্ত্রাসীও নিহত হয়। ওই ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে উল্লেখ করে বলা হয়েছে, ঘটনার পর নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।