সুপ্রীম কোর্টের অর্থাৎ আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে একটি আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বর্তমানে সংবিধানের বিধান মোতাবেক এই ক্ষমতা প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের রিপোর্টের ভিত্তিতে প্রেসিডেন্ট সম্পাদন করেন। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব সাংবাদিকদের জানান, মূলত বিচারপতিদের অসাদাচরণ ও অসামর্থত্যের বিষয়টি আইনে আনা হয়েছে।
প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হবে। এরপর দুটো কমিটি অভিযোগের সত্যাসত্য নির্ধারণ করবে। অভিযোগ প্রমাণিত হলে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় তা গ্রহণ করা হবে। এরপর প্রেসিডেন্ট সংশ্লিষ্ট বিচারককে অপসারণ করবেন। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংশ্লিষ্ট বিচারকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। আর এই আইনের মাধ্যমে জাতীয় সংসদ কোনোক্রমেই একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। আইনমন্ত্রী আরও জানান, কেউ ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ করলে-সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বিধান রাখা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
amir court