বাংলাদেশে জঙ্গিরা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার টার্গেট করছে। পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী নিজেই এই তথ্য জানিয়েছেন। ক্রাইম রিপোর্টার্সদের সঙ্গে কথা বলার সময় আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সারা দেশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
ড. পাটোয়ারী বলেন, গোটা বিশ্বে এখন জঙ্গিরা দলবদ্ধ হয়ে হামলা করছে না। এখন তারা লোন উলফ পদ্ধতিতে হামলা চালাচ্ছে। তার মতে, এই প্রবণতা রোধ করা কঠিন। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের সকল কর্মকান্ড নজরদারি ও নিয়ন্ত্রণে রেখেছে।
ওদিকে, বৌদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। সারা দেশের বৌদ্ধ মন্দিরসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। আইএস ও নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ যৌথভাবে ১৮ই মে বৌদ্ধ পূর্ণিমায় হামলা করতে পারে এ রকম খবরের ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।