দেখতে দেখতে ৪৩ দিনে পা দিয়েছে দিল্লি সীমান্তের কৃষক আন্দোলন। প্রায় দেড় মাস ধরে চলতে থাকা এই আন্দোলনে কোভিড বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে গত বছরের তবলিঘি জমায়েতের মতো এখান থেকেও করোনা সংক্রমণ ছড়াতে পারে তীব্রগতিতে।আজ নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে চলতে থাকা বিক্ষোভে কোভিড বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা তা জানতে চায় সুপ্রিম কোর্ট। এর উত্তরে কেন্দ্রের কাউন্সিল জানিয়ে দেয়, অতিমারীর মধ্যে ওই জমায়েতে কোনও নিয়মই মানা হচ্ছে না। এরপরই উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। জানিয়ে দেয়, সাবধান না হলে তবলিঘি জমায়েতের মতো এখান থেকেও দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।
Your browser doesn’t support HTML5
কৃষক আন্দোলনে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির জন্য তবলিঘি জামাতের সমাবেশকে দায়ী করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, সরকারি বিধিনিষেধ না মেনেই তবলিঘি জামাত সমাবেশ করেছিল। এদিকে আজই নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ‘ট্রাক্টর মার্চ’ করেন বিক্ষোভকারীরা। বেশ কয়েক সপ্তাহ ধরে কৃষক আন্দোলন চলা সত্ত্বেও কেন কোনও সমাধান সূত্র মেলেনি তা নিয়ে গতকালই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।