ওড়িশায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার কটকে মহানদী সেতুর ওপর থেকে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে যাওয়ায় ১২ জন প্রাণ হারালেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্যান্য যাত্রীরাও। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। ওড়িশা পুলিস সূত্রে খবর, তালচের থেকে কটক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

মহানদী সেতুর ওপর একটি মোষ ছিল, তাকে বাঁচাতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রিজের সিমেন্টের রেলিং ভেঙে ৩০ফুট নিচে বালিতে পড়ে বাসটি। ঘটনায় ৩ জন মহিলা সহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার অনেক সময় পর উদ্ধারকাজ শুরু হয়। কারণ, গভীর রাতে বাসটি উল্টে যে জায়গায় পড়েছিল সেখানে কোনও বসতি ছিল না। দমকল কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।