পানি সংকটের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর ইরানি বাহিনীর সহিংস দমন অভিযান 

ইরানের ইস্ফাহান শহরের নদী শুকিয়ে যাওয়া এবং গতি পরিবর্তনের কারণে সৃষ্ট পানি সঙ্কটের বিরুদ্ধে জনগণের বিশাল বিক্ষোভ ও সমারোহ, ফাইল ছবি, ১৯শে নভেম্বর, ২০২১, ছবি/ফাতমেহ নাসর/ইসনা/ এএফপি

ইরানের নিরাপত্তা বাহিনী মধ্যাঞ্চলীয় ইস্ফাহান শহরে প্রতিবাদকারীদের বিরুদ্ধে দৃশ্যত কাঁদানে গ্যাস ও পেলেট গুলি ব্যবহার করেI সক্রিয়বাদীরা জানান, জুলাই মাসের পর ইসলামী এই প্রজাতন্ত্রে ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে এটাই ছিল সরকারের তরফে সবচাইতে সহিংস দমন অভিযানI

সামাজিক মাধ্যমে প্রচারিত এবং ভয়েস অব আমেরিকার ফারসি বিভাগে পরীক্ষিত ভিডিও ক্লিপে দেখা যায় যে, ইরানের নিরাপত্তা বাহিনী শত শত প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করতে সহিংস কৌশলের আশ্রয় নেয়I এই অঞ্চলের পানি সঙ্কটে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত বিক্ষোভকারী শুক্রবার ইস্ফাহানের জায়ানহৃদ নদীর শুষ্ক তীরে সমবেত হনI ভয়েস অব আমেরিকা স্বতন্ত্রভাবে ভিডিওতে প্রচারিত ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারে নি, কারণ ইরান থেকে খবর প্রচারে বাধা-নিষেধ রয়েছেI

বহু বিক্ষোভকারী সরকার বিরোধী শ্লোগান দেন, যা সাম্প্রতিক বছরগুলিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ব্যবহার করা হয়েছেI যেমন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামানেই প্রসঙ্গে তারা শ্লোগান তোলেন, "স্বৈরশাসকের মৃত্যু হোক"I

কোন কোন ভিডিওতে কতিপয় ইরানিকে রক্তাক্ত মাথাসহ, পেলেটে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখা যায়, দেখা যায় যে অন্যান্যদের সহায়তায় তারা তাদের ক্ষতের পরিচর্যা করছিলেনI নদীর তীরের কাছে রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কিছু প্রতিবাদকারীকে দেখা যায় যে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে।

জুলাই মাসের দমন অভিযানের পর, লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, যে ভিডিও ফুটেজ এবং ইরান ভিত্তিক সঙ্গতিপূর্ণ তথ্য অনুযায়ী তারা নিশ্চিত হয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন শহরে অন্তত ৮ জন প্রতিবাদকারী ও দর্শকদের হত্যা করেছে I

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খুজিস্তানে প্রতিবাদের সময় ১জন পুলিশ অফিসারসহ ৪জনের মৃত্যুর খবর জানায় এবং এসব মৃত্যুর জন্য অন্তর্ঘাতকদের দোষারোপ করেI