ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিক ভাবে মসলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছেন।
মসলের পুরনো শহরে দেওয়া এক ভাষণে আবাদি বলেন এই বিজয় হচ্ছে অবদমন, নৃশংসতা আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ আমি মসলে বসে, মসল থেকে সকল জনগনের জন্য ঘোষণা করছি যে সন্ত্রাসী ইসলামিক স্টেট বন্ধ হয়েছে, ব্যর্থ হয়েছে এবং ধ্বংস হয়েছে।”
আমেরিকার সামরিক বাহিনী আবাদির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
মসুলের অধিকাংশ স্থানই এখন ইরাকী সেনাদের নিয়ন্ত্রণে আছে, ভেতরের একটি স্থানে মাত্র দুশো বর্গ মিটার স্থানে জঙ্গীরা আটকা পড়েছে। সেনারা বলছে এদের মধ্যে কেউ ইরাকী নয় এবং তারা সকলেই মৃত্যু পর্যন্ত লড়ে যেতে তৈরি।
ইরাকী সেনাদের আনুমানিক হিসেব অনুযায়ী, মসলে এক থেকে দেড়শ আই এস সদস্য লড়াই চালাচ্ছে। ইরাকী সেনারা বলছে তারা চেষ্টা করছে, যতটা সম্ভব বাদবাকী জঙ্গীদের জীবিত আটক করতে।