ঘূর্ণিঝড় আর্মার তান্ডবে, ফ্লোরিডা কিস এলাকায় যারা আটকা পড়ে, তাদের খোঁজে, জরুরী কর্মী ও ন্যাশানাল গার্ডের সেনারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ওদিকে ফ্রান্স এবং ব্রিটেন, ক্যারিবীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রিত এলাকায় যারা ঝড়ের শিকার হয়, তাদের সাহায্য বাড়িয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার সেন্ট মার্টিন ও সেন্ট বার্থেলিমিউ সফর করবেন। এর একদিন আগে তিনি গুয়াডালুপে যান। সেখানে লোকজন ক্ষোভ প্রকাশ করে যে ফ্রান্স যথেষ্ট সাহায্য করছে না। ম্যাক্রন প্রতিশ্রুতি দেন যে ফ্রান্স আরও সরবরাহ ও সেনা পাঠাবে দ্বীপগুলোকে সাহায্য করার জন্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বুধবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও অ্যাংগুয়িলা সফর করছেন।
গত সপ্তাহে ওই দুই দ্বীপে ঘূর্ণিঝড় আর্মা ক্যাটাগরি ৫ ঝড় হিসেবে আঘাত হানে।
ঘূর্ণিঝড় আর্মার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩৭জন প্রাণ হারায় আর যুক্তরাষ্ট্রে ২৩জন মারা যায়।